তাইওয়ানে চিপ কোম্পানির সাবেক কর্মকর্তার বাড়িতে অভিযান

তাইওয়ানের তদন্তকারী সংস্থা দেশটির সাবেক এক টিএসএমসি কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চিপ নির্মাতা ইন্টেল
চিপ নির্মাতা ইন্টেল |সংগৃহীত

তাইওয়ানের তদন্তকারী সংস্থা দেশটির সাবেক এক টিএসএমসি কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়েছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার নতুন কর্মস্থল আমেরিকান চিপ কোম্পানি ইন্টেলের কাছে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক গোপন তথ্য সরবরাহ করেছেন।

বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক চিপ তৈরি করে টিএসএমসি। সংস্থাটি তাদের সাবেক কর্মকর্তা লো ওয়েই-জেনের বিরুদ্ধে এই মামলা করেছে।

টিএসএমসি লো’র বিরুদ্ধ অভিযোগ করেছে যে তিনি ‘খুব সম্ভবত’ ইন্টেলের কাছে গোপন তথ্য ফাঁস করেছেন। এছাড়া প্রসিকিউটররা জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে লো’র বিরুদ্ধে তদন্ত করছেন।

তাইওয়ান হাই প্রসিকিউটর অফিসের ইন্টেলেকচুয়াল প্রপার্টি শাখা বৃহস্পতিবার জানিয়েছে, তারা লো’র তাইপে ও সিনচু কাউন্টির বাড়িতে তল্লাশির নির্দেশ দিয়েছিল।

এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, বুধবারের ওই অভিযানে ‘কম্পিউটার ও ইউএসবি ড্রাইভসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রমাণ’ জব্দ করা হয়েছে। এমনকি আদালতের অনুমোদনে লো-এর শেয়ার ও স্থাবর সম্পত্তিও জব্দ করা হয়েছে।

প্রসিকিউটরদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা সতর্ক ও সক্রিয়ভাবে এ মামলার সত্যতা যাচাই করব। আমাদের দেশের কৌশলগত প্রযুক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান টিএসএমসি, আর এই প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষার নীতিতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

এই বিবৃতিতে তারা আরো বলেন, দেশের মূল প্রতিযোগিতা বজায় রাখতে আমরা শিল্পের সাথে একযোগে কাজ করব।

টিএসএমসি বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা। তাদের গ্রাহক এনভিডিয়া ও অ্যাপলসহ বড় বড় প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিপ, সার্ভার ও ডেটা সেন্টারে বিপুল বিনিয়োগ করছে।

লো ওয়েই-জেন চলতি বছরের জুলাইয়ে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন। এরপর তিনি তার সাবেক কর্মস্থল ইন্টেলে ফিরে যান।

তবে ইন্টেল বৃহস্পতিবার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, লো তাদের কাছে টিএসএমসির কোনো গোপন তথ্য শেয়ার করেননি।

এদিকে, টিএসএমসি জানিয়েছে, লো’র বিরুদ্ধে মামলাটি তার চাকরির চুক্তির শর্তাবলী, অ-প্রতিযোগিতামূলক চুক্তি ও ট্রেড সিক্রেটস অ্যাক্টের মতো বিধিনিষেধের ওপর ভিত্তি করে করা হয়েছে।

সূত্র : এএফপি/বাসস