নৌপথ সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস এই জোটের স্বাক্ষরকারী দেশ। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ জোটে যোগ দেয়নি।

নয়া দিগন্ত অনলাইন
বৈঠকে উপস্থিত দেশগুলোর প্রতিনিধিরা
বৈঠকে উপস্থিত দেশগুলোর প্রতিনিধিরা |সংগৃহীত

নৌপথ সুরক্ষিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল-মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্য দিয়ে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এ জোট গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে।

দেশগুলো এ তিনটি পানিপথের মাধ্যমে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে। এই পানিপথগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযোগকারী একটি কৌশলগত সামুদ্রিক করিডোর গঠন করে।

এ পদক্ষেপটি এমন এক সময়ে নেয়া হলো, যখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত হচ্ছে। এ প্রণালীটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস রফতানি করা হতো।

সাম্প্রতিক উত্তেজনার জেরে ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি যোদ্ধাদের দ্বারা বাব আল-মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরীয় পথটি বারবার আক্রমণের শিকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জোটটি প্রতিষ্ঠার জন্য আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। লোহিত সাগরে ইতোমধ্যেই ইইউয়ের ‘অ্যাসপিডেস’ নামে একটি নৌ-সুরক্ষা মিশন রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটটি কিভাবে ভিন্ন হবে, তা এখনো স্পষ্ট নয়।

জানা গেছে, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস এই জোটের স্বাক্ষরকারী দেশ। তবে ইরান-কেন্দ্রিক সংঘাতের মধ্যে একই ধরনের নিরাপত্তা ঝুঁকিতে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ জোটে যোগ দেয়নি।

সৌদি আরবের রফতানি পণ্য বাব আল-মানদেব প্রণালী অতিক্রম করে, যা ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মাঝে অবস্থিত। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এ প্রণালী দিয়ে পরিচালিত হয়। এ পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি লোহিত সাগরে প্রবেশ ও প্রস্থানের দু’টি প্রধান পথের একটি, অন্যটি হলো সুয়েজ খাল।

সূত্র: আল জাজিরা