তাইওয়ানে ভেবে-চিন্তে অস্ত্র পাঠাতে ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমারসহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর ট্রাম্প ও শি’র এই ফোনালাপ হলো।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই দ্বীপটিতে অস্ত্র পাঠাতে চাইলে ভেবে-চিন্তে তা পাঠাতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমারসহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর ট্রাম্প ও শি’র এই ফোনালাপ হলো।

ফোনালাপে শি বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান হলো চীনের ভুখণ্ড এবং দ্বীপটির সার্বভৗমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে তার দেশ।

উল্লেখ্য, ট্রাম্পের সাথে ফোনালাপের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সাথে ভার্চ্যুয়ালি কথা বলেছেন শি জিনপিং।

আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা এবং এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প ও শি’র সবশেষ কথোপকথন হয়েছিল গত নভেম্বরে। সে সময়ে ট্রাম্পকে চীন সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন শি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াশিংটনের সাথে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং প্রেসিডেন্ট শি জিনপিং সেটি প্রকাশ করেন ট্রাম্পের সাথে ফোনালাপে। সেইসাথে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের মতপার্থক্য সুরাহা হওয়ার পথ খুঁজে পাবে বলেও শি জিনপিং আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র : বিবিসি