চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্যু

দক্ষিণ ও মধ্য চীন জুড়ে মঙ্গলবার (১৯ মে) ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
রাস্তায় পানি উঠে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে
রাস্তায় পানি উঠে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে |সংগৃহীত

দক্ষিণ ও মধ্য চীন জুড়ে মঙ্গলবার (১৯ মে) ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বন্যায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংসি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংসি, গুয়াংডং ও হাইনান প্রদেশে ভূমিধস, আকস্মিক বন্যা এবং শহরে তীব্র বন্যা ও জলাবদ্ধতাসহ বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকি রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য ১৫ কোটি ইউয়ান (২ দশমিক ২৪ কোটি মার্কিন ডলার) ত্রাণ তহবিল বরাদ্দ করেছে এবং বেশ কয়েকটি এলাকায় জরুরি কার্যক্রম শুরু করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে নদী পার হওয়ার সময় ১৫ জন কৃষি শ্রমিক বহনকারী একটি পিকআপ ট্রাক নদীতে পড়ে যায়। এতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সিসিটিভি আরো জানিয়েছে, পৃথক ঘটনায় ভারী বৃষ্টি ও বন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে চারজন, দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে চারজন এবং মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি নিচু গ্রামে তিনজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন পরিষেবা স্থগিত করা হয়েছে এবং কর্তৃপক্ষ হুবেই ও হুনানের কিছু অংশে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।

সূত্র: রয়টার্স