জাপানে বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রেনের ধাক্কায় আহত চার শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটি সাধারণত অত্যন্ত নিরাপদ রেল ব্যবস্থার জন্য সুপরিচিত।
রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে এই চার শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত ও পরে মারা যান বলে জানিয়েছে দমকল বিভাগ।
দমকল বিভাগের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘চারজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
এর আগে আরেক কর্মকর্তা জানান, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিন শ্রমিক ট্রেনের নিচে আটকে ছিলেন। অপর একজন প্ল্যাটফর্মে ছিলেন।
তিনি বলেন, ‘হাসপাতালে নেয়ার আগে চারজনই অচেতন ছিলেন।’
স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটে প্রথম জরুরি সেবা সংস্থায় খবর দেয়া হয়।
নিপ্পন টিভি জানিয়েছে, শ্রমিকরা রেললাইনের আশপাশ থেকে আগাছা পরিষ্কার করছিলেন।
উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনাও অত্যন্ত বিরল।
বিশ্বখ্যাত জাপানি ‘শিনকানসেন’ বুলেট ট্রেনের নেটওয়ার্কে লাইনচ্যুতি বা সংঘর্ষে কোনো যাত্রী মারা যাওয়ার ঘটনাও কখনো ঘটেনি।
সূত্র: বাসস



