মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসান্নামস্রেইন ওয়ুন-এরদেন আইনপ্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর মঙ্গলবার (৩ জুন) পদত্যাগ করেছেন। দেশটির সংসদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
উলানবাটর থেকে এএফপি এ খবর জানায়, দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে রাজধানী উলানবাটরে কয়েকদিন ধরে বিক্ষোভের পর সংসদে গোপন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংসদে ভোটের ফলাফল ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে ওয়ুন-এরদেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও শুল্কসহ বিভিন্ন কঠিন সময়ে আমার দেশ ও জনগণের সেবা করা সম্মানের বিষয়।’
তিনি আরো জানান, ৩০ দিনের মধ্যে তার উত্তরসূরি নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
উত্তর এশিয়ার স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়া কয়েক দশক ধরে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশের অনেকেই বিশ্বাস করেন, ধনী ও অভিজাতরা সাধারণ জনগণের ব্যয়ে বছরের পর বছর ধরে কয়লা খনির উত্থানের মুনাফা জমা করছে।
২০২১ সালে ওয়ুন-এরদেন ক্ষমতা গ্রহণের পর থেকে মঙ্গোলিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে নেমে এসেছে। দেশটি ঘন ঘন বিক্ষোভ ও অস্থিরতা দেখেছে এবং গত সপ্তাহে উলানবাটোরে শত শত তরুণ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে।
অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা একজন সরকারি কর্মচারীর সামর্থ্যের চেয়েও বেশি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছেন। এ অভিযোগ জনরোষকে আরো বাড়িয়ে তোলে।
গত বছরের নির্বাচনের ফলে ওয়ুন-এরদেনের মঙ্গোলিয়ান পিপলস পার্টি (এমপিপি) সংখ্যাগরিষ্ঠতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার পর থেকে মঙ্গোলিয়া ত্রিমুখী জোট সরকার দেশ শাসন করে আসছে। যখন কিছু তরুণ ডিপি আইনপ্রণেতা ওয়ুন-এরদেনের পদত্যাগের আহ্বানকে সমর্থন করেন তখন এমপিপি গত মাসে জোটের দ্বিতীয় বৃহত্তম সদস্য ডেমোক্রেটিক পাটির্কে বহিষ্কার করে। এ পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।
গোপন ব্যালটে প্রায় ৮২ জন আইনপ্রণেতা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৪ জন ওয়ুন-এরদেনের প্রতি আস্থা বজায় রাখার পক্ষে ভোট দেন এবং ৩৮ জন বিপক্ষে ভোট দেন। ১২৬ আসনের সংসদ থেকে প্রয়োজনীয় ৬৪ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ওয়ুন-এরদেন পদত্যাগ করতে বাধ্য হন।
সোমবার শত শত তরুণ বিক্ষোভকারী সংসদ ভবনের বাইরের চত্বরে ভিড় করে। তারা সাদা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এবং স্লোগান দেয়, ‘পদত্যাগ করা সহজ।’ আয়োজক ২৪ বছর বয়সী উলামসাইখান ওটগন বলেন, সপ্তাহব্যাপী বিক্ষোভ ‘সর্বত্র প্রমাণ করেছে, তরুণরা সমাজে অন্যায়ের প্রতি খুবই সংবেদনশীল।’
সূত্র : বাসস



