সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা ইরানের সাথে সব ধরনের বাণিজ্য এবং আর্থিক লেনদেন স্থগিত রাখবে।
সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাদের ভাষ্যে, এই উত্তেজনা শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ইউএই’র প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান দেশটির দিকে দু‘টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ইউএইর আঞ্চলিক পানিসীমার বাইরে পড়ে এবং দ্বিতীয়টি দেশটির পানিসীমার ভেতরে আঘাত হানে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর অঞ্চলটির অন্য যেকোনো দেশের তুলনায় ইউএই ইরানের হামলার বেশি শিকার হয়েছিল। তবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর পরিচালিত অভিযানে ইরান ইউএইর ওপর কোনো হামলা চালায়নি।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংযুক্ত আরব আমিরাতের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ইউএইর অভিযোগ ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘ইউএইর আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার ও অঞ্চলে নিরাপত্তাহীনতার বিস্তার ঠেকানোর চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে।’
সূত্র: বিবিসি



