সৌদি আরবের জাজান ও ইয়ানবু প্রদেশে শনিবার (২৫ জুলাই) আগাম সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর প্রদেশ দু’টিতে ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করে।
এর কয়েক মিনিট পরেই জানানো হয়, উভয় অঞ্চলেই বিপদ কেটে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অধিদফতরটি।
এর আগে শুক্রবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায় যে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর পর তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ প্রদেশে হাউছিদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি আনুপাতিক সামরিক জবাব দিয়েছে।
তারা বলেছে, হোদাইদাহ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি এবং ইয়েমেনের সব বন্দর সামুদ্রিক চলাচলের জন্য খোলা রয়েছে। অন্যদিকে, হাউছিরা কামারান দ্বীপ এবং হোদাইদাহর টেলিযোগাযোগ স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে।
লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচল নিষিদ্ধ করার হুমকি দেয়ার পর সৌদি আরব এবং হাউছিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু অ্যাজেন্সি



