ফিলিপাইনে মঙ্গলবার (৩ মার্চ) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে একটি ফাঁকা জমিতে এটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে পাঁচজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দু’জন মালয়েশীয়। স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে রিজাল প্রদেশের ছোট শহর পিলিল্লার একটি আবাসিক এলাকার ঘাসে ঢাকা স্থানে এটি ভূপাতিত হয়।
রিজাল প্রাদেশিক পুলিশের কর্মকর্তা রামজায়ে পাঙ্গা বার্তাসংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনায় এক মালয়েশীয় ও এক ফিলিপিনো যাত্রী নিহত হন।
পিলিল্লা শহরের মেয়র জন মাসিনসিন বলেন, পাইলট গুরুতর আহত হয়েছেন। তিনি এএফপিকে বলেন, বেঁচে যাওয়া তিনজন এখনো আতঙ্কে রয়েছেন।
তিনি জানান, পরিবারের অনুরোধে তাদের মেট্রো ম্যানিলার একটি হাসপাতালে নেয়া হচ্ছে। আবাসিক এলাকায় কাউকে আঘাত না করে হেলিকপ্টারটি নামাতে সক্ষম হওয়ায় তিনি পাইলটের প্রশংসা করেন।
পাঙ্গা বলেন, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হন তারা।
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
সূত্র: বাসস



