হাসপাতালে ভর্তি ব্রুনেইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ বর্তমানে ‘স্থিতিশীল ও ভালো’ আছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার সুলতানকে দেখতে হাসপাতালে যান আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী। এ সময় চিকিৎসকদের বরাতে এ তথ্য জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ মে) ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস।
এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহর রহমতে সুলতানের শারীরিক অবস্থা স্থিতিশীল ও ভালো রয়েছে। তবে এখনো তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’
মঙ্গলবার ৭৭ বছর বয়সী সুলতান হাসানাল বোলকিয়াহ মালয়েশিয়ার কুয়ালালামপুরের হাসপাতালে ভর্তি হন। তার কার্যালয় অবশ্য জানিয়েছে, তিনি সুস্থ আছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আসিয়ান সম্মেলনে অংশ নিতে সম্প্রতি মালয়েশিয়া সফরে যান ব্রুনেইয়ের সুলতান। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেন আসিয়ান নেতারা।
প্রধানমন্ত্রী আনোয়ার আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুলতানের সাথে শুধু রাজপরিবারের সদস্যরাই সাক্ষাৎ করতে পারবেন।
সুলতানের কার্যালয় থেকে জানানো হয়, কিছুটা ক্লান্ত অনুভব করায় মালয়েশিয়ান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে কয়েকদিন বিশ্রাম নেবেন।
সুলতান হাসানাল বোলকিয়াহ ১৯৬৭ সালে সিংহাসনে বসেন। বিশ্বের দীর্ঘতম সময় ধরে রাজত্ব পরিচালনাকারী সম্রাট ও অন্যতম ধনী ব্যক্তি তিনি। ব্রুনেই ছোট একটি মুসলিম দেশ, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত। হাসানাল বোলকিয়াহর পরিবার ৬০০ বছরের বেশি সময় ধরে দেশটি শাসন করে আসছে।
সুলতানের শাসনামলে ব্রুনেই ব্রিটিশ ঔপনিবেশিক থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং দেশের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি হয়। তবে দণ্ডবিধিতে অঙ্গচ্ছেদ বা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের মতো কঠোর ইসলামী আইন প্রবর্তনের কারণে তার শাসনব্যবস্থা আন্তর্জাতিকভাবে বিতর্কিতও হয়েছে।



