জাপানের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (১৬ জুন) সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধজনিত মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় এ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির কেন্দ্রীয় ব্যাংকটি তার নীতিগত সুদের হার ১ শতাংশ বাড়াতে পারে, যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ। ডিসেম্বরের পর এটি হবে প্রথম সুদের হার বৃদ্ধি।
এই সিদ্ধান্তটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘোষণা করা হতে পারে। এর আগে গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক ইন্দোনেশিয়া সুদের হার বৃদ্ধি করেছে।
যুক্তরাষ্ট্রে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভও একই পথে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের প্রথম বৈঠকে তা নাও হতে পারে।
অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকও আগামী কয়েক দিনের মধ্যে নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরান সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে তাদের তিন মাসব্যাপী সর্বব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে একটি চুক্তিতে সম্মত হয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। এ শান্তি চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস



