জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামতো প্রিফেকচারে মঙ্গলবার (২৮ জুলাই) ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটি সুনামি সতর্কতা জারি করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গ্রিনিচ মান সময় ৭টা ২৮ মিনিটে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ পরিমাপ করেছিল। পরে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে সংস্থাটি।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের ক্যাবিনেট অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আরিয়াকি এবং ইয়াতসুশিরো সাগরের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের অবিলম্বে উপকূলীয় এলাকা ছেড়ে যেতে ও সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



