মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ২০০টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে এবং এই অর্ডার বেড়ে ৭৫০টি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানগুলোতে জিই অ্যারোস্পেসের ইঞ্জিন থাকবে।
শুক্রবার (১৫ মে) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, এই চুক্তিতে প্রায় ২০০টি বিমান অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা ভালো কাজ করলে ৭৫০টি পর্যন্ত কেনার প্রতিশ্রুতিও আছে।
তবে কোন ধরনের জেট এবং অর্ডারটি কখন সরবরাহ করা হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চীন সরকার বা বোয়িং কেউই এ চুক্তির বিষয়টি নিশ্চিত করে কোনো বিবৃতি দেয়নি। তবে চুক্তিটি বাস্তবায়িত হলে বড় ধরনের সাফল্য হিসেবে চিহ্নিত হবে, কারণ বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য উত্তেজনার কারণে মার্কিন বিমান নির্মাতা সংস্থাটি অনেকটাই পিছিয়ে পড়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরে বোয়িং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। এ সফরের উদ্দেশ্যে ছিল চীনে পণ্য ও পরিষেবা বিক্রি।
তবে ট্রাম্পের ঘোষিত ২০০টি বিমানের কতগুলো নতুন অর্ডার এবং কতগুলো আগে থেকেই বোয়িংয়ের অর্ডার তালিকায় ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
বিমান খাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইবিএর হিসাব অনুযায়ী, ২০০টি বিমানের এই অর্ডারের আনুমানিক মূল্য ১৭ থেকে ১৯ বিলিয়ন মার্কিন ডলার, যদি অর্ডারের ৮০ শতাংশ ম্যাক্স সিরিজের বিমান হয়।
সূত্র: আল জাজিরা



