চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও বৃহস্পতিবার (২৫ জুন) দক্ষিণ লেবাননে একটি ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের জাওতার এবং মিফদুন শহরকে সংযোগকারী সড়কে একটি গাড়িতে ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
সংস্থাটি আরো জানায়, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার আগে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করার পর ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর আইন আরবের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় প্রায় চার হাজার ২০০ জন নিহত, ১২ হাজার জনেরও বেশি আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে দুই পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে লেবাননসহ একাধিক রণাঙ্গনে শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ইসরাইল দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করে রেখেছে, যার কিছু অংশ কয়েক দশক ধরে তাদের দখলে এবং অন্যগুলো ২০২৩ থেকে ২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



