জাপানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার (১৮ আগস্ট) বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা ‘গুরুত্বপূর্ণ’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলের সাথে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ নিয়ে সংশয় তৈরি হওয়ার পর তিনি এ কথা বলেন।
অস্ট্রেলিয়া সফররত শিনজিরো কোইজুমি ওয়াশিংটন ও প্রতিবেশী সিউলের সাথে যৌথ নিরাপত্তা সহযোগিতার জোরালো সমর্থন জানিয়েছেন। ওয়াশিংটন জাপানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী।
কোইজুমি সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে গুরুতর ও জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখে থাকা জাপানের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ক্যানবেরায় জাপান-অস্ট্রেলিয়া বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার সম্পর্কের প্রশংসা করেন। একইসাথে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনকে সহযোগিতা না করায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আমরা খুবই উদ্বিগ্ন। আমরা ধারাবাহিকভাবে এ বিষয়টি বলে আসছি।’
তিনি আরো বলেন, ‘আমরা চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে বাস করছি। সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জের বেশ কিছু উত্তর কোরিয়া সৃষ্টি করেছে।’
সূত্র: বাসস



