সাজার বিরুদ্ধে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারীর আপিল

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বন্দুকধারী তার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
শিনজো আবেকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া তেতসুয়া ইয়ামাগামি
শিনজো আবেকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া তেতসুয়া ইয়ামাগামি |সংগৃহীত

গত ২০২২ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বন্দুকধারী তার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। আজ বুধবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হত্যাকারী ৪৫ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামিকে দু’সপ্তাহ আগে দেশটির নারা জেলার আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেয়ার সময় ঘরে বানানো একটি বন্দুক দিয়ে আবেকে গুলি করে হত্যা করা হয়েছিল।

কয়োডো নিউজ, মাইনিচি শিম্বুন, জিজি প্রেস এবং আঞ্চলিক সম্প্রচারক এমবিএসসহ প্রধান জাপানি গণমাধ্যম জানিয়েছে যে ইয়ামাগামির আইনজীবীরা বুধবার আপিল দায়ের করেছেন।

আপিলের বিষয়টি নিশ্চিতের জন্য তেতসুয়া ইয়ামাগামির আইনজীবীদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবের ওপর গুলি গুলিবর্ষণের ঘটনা দেশটিতে সমালোচনার জন্ম দেয় যেখানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। এটি বিশিষ্ট রক্ষণশীল আইন প্রণেতাদের এবং একটি গোপন ধর্মীয় গোষ্ঠী ইউনিফিকেশন চার্চের সম্ভাব্য সম্পর্ক নিয়ে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়।

ইয়ামাগামির মামলায় কিছুটা জনসাধারণের সহানুভূতিও জন্মেছিল, কারণ তার আইনজীবী দল যুক্তি দিয়েছিল যে তার মা ইউনিফিকেশন চার্চে বড় দান করার কারণে তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এ জন্য তার মনে ক্ষোভ ছিল এবং সেই রাগ আবের ওপরই ঝেড়েছেন।

সূত্র : বাসস