বেইজিং সোমবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাত কমানোর আহ্বান জানিয়েছেন চীনের বিশেষ দূত। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান। একইসাথে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের জন্য হুমকি তৈরি করেছে। এতে চীনের তেল সরবরাহও ঝুঁকির মুখে পড়েছে।
বেইজিং তেহরানের ঘনিষ্ঠ অংশীদার। আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার নিন্দা জানিয়েছে চীন। তবে সঙ্ঘাত শুরুর পর সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশের ওপর ইরানের হামলারও সমালোচনা করেছে তারা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশেষ দূত ঝাই জুন রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। উত্তেজনা আরো বাড়ানো থেকে বিরত থাকতে হবে এবং আঞ্চলিক দেশের জনগণের আরো ক্ষতি এড়াতে হবে।’
তিনি আরো বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা, নিরীহ বেসামরিক নাগরিক ও সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।’
গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইয়ের সাথে পৃথক বৈঠকে ঝাই জুন দ্রুত আলোচনার পথে ফেরার আহ্বান জানান।
তিনি বলেন, ‘চীন গঠনমূলক ভূমিকা পালন করবে এবং শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে কাজ করবে।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লড়াই বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি।
সূত্র : বাসস



