প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর আকাশসীমা বন্ধ করেছিল কুয়েত। এর প্রায় দুই মাস পর বৃহস্পতিবার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
কুয়েতের বিমানবন্দর
কুয়েতের বিমানবন্দর |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর আকাশসীমা বন্ধ করেছিল কুয়েত। এর প্রায় দুই মাস পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে দেশটি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে দেয়া এক বিবৃতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেন, ‘আঞ্চলিক পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান চলাচল অস্থায়ী ও সতর্কতামূলকভাবে স্থগিত রাখার পর বৃহস্পতিবার থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ পুনরায় খুলে দেয়া হয়েছে।’

তিনি বলেন, এ পদক্ষেপটি পর্যায়ক্রমে বিমান চলাচল পুনরায় শুরু করার একটি পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ।

মুবারক বলেন, ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর হামলায় বিমানবন্দরের কিছু অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, কর্তৃপক্ষ তা যাচাই করেছে।

এই সময় সৌদি আরবের বিমানবন্দরগুলোর মাধ্যমে কুয়েতকে সহযোগিতা করার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক সঙ্ঘাত তীব্রতর হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

তেহরান ইসরাইল ও মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী আঞ্চলিক দেশগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বিধিনিষেধ আরোপ করে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি