চীনের শানসি খনিতে উদ্ধারকাজে রোবট মোতায়েন

চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর নিখোঁজ শ্রমিকদের খুঁজতে উদ্ধারকাজে রোবট ব্যবহার করা হচ্ছে। গ্যাস সেন্সর ও লাইভ ক্যামেরা থাকা এসব রোবট দিয়ে খনির ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যেখানে এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান চলছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চীনের শানসি প্রদেশের শিনইউয়ান কাউন্টিতে ঘটে যাওয়া এক ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের সন্ধানে এবার নামানো হয়েছে অত্যাধুনিক রোবট।

উদ্ধারকারীদের জন্য যেসব জায়গায় পৌঁছানো অসম্ভব, সেখানে নিখুঁত তথ্য সংগ্রহের জন্য পাঠানো হচ্ছে খনি পরিদর্শক রোবটগুলোকে। এসব রোবটে বিশেষ গ্যাস সেন্সর এবং রিয়েল-টাইম ক্যামেরা বসানো আছে। এ সবের সাহায্যে মাধ্যমে খনির ভেতরের বিষাক্ত গ্যাসের অবস্থা এবং পরিস্থিতির লাইভ বা তাৎক্ষণিক ছবি বাইরে পাঠানো যায়।

শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ২৯ মিনিটে (১১.২৯ জিএমটি) শানসি প্রদেশের টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনিউ কয়লা খনিতে এ বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর চীনে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত এবং দু’জন নিখোঁজ হয়েছেন।

শনিবার গভীর রাতে উদ্ধারকারী কর্মকর্তারা মৃতের সংখ্যা সংশোধন করে কমিয়েছেন; এর আগে তারা জানিয়েছিলেন যে অন্তত ৯০ জন নিহত হয়েছে গেছেন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ১২৮ জন চিকিৎসাধীন আছেন।

নিখোঁজদের খোঁজে রোববার ভোর থেকেই খনির গভীরে বিশেষ রোবট নামিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

চীনা সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিজেরাও খনির নিচে নেমে এই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করছেন।

উদ্ধারকারী দলগুলোর প্রধান লক্ষ্য হলো মাটির নিচে বারবার তল্লাশি চালানো। বিশেষ করে যেসব জায়গায় একবার খোঁজা হয়েছে, যেন কোনো জায়গা বাদ না পড়ে এ লক্ষ্যে সেখানে আবারো নতুন করে তল্লাশি চালানো হচ্ছে। সিসিটিভির তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৩৫ জন পেশাদার উদ্ধারকর্মী এবং ৪২০ জন চিকিৎসাকর্মী দুর্ঘটনাস্থলে অবিরাম কাজ করে যাচ্ছেন।

সূত্র : গ্লোবাল টাইমস ও বিবিসি