ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে। এখনো আরো ১২৭ জন নিখোঁজ রয়েছে বলে বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে দুর্যোগ সংস্থা। দেশটির মধ্যাঞ্চলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড়টি পুনরায় শক্তি সঞ্চয় করে ভিয়েতনামের দিকে অগ্রসর হয়েছে।
ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে দিনের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় তিন লাখ ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে যা নিম্নাঞ্চলে বন্যার কারণ হতে পারে এবং কৃষিকাজ ব্যাহত করতে পারে।
ফিলিপাইনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ সেবুতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ধ্বংসের পরিমাণ স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার কালমেগি আঘাত হানার আগে ফিলিপাইনে দুই লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
চলতি বছরে ফিলিপাইনে আঘাত হানার ২০তম ঝড়ের একটি টাইফুন কালমেগি। এর এক মাস আগে, উত্তর সেবুতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে কয়েক ডজন মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
ভিয়েতনামে আঘাত হানার আগে কালমেগি দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় আবারো শক্তি অর্জন করেছে। এটি কফি উৎপাদনকারী গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোসহ বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রদেশে প্রভাব ফেলবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
সূত্র : রয়টার্স



