প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

থাইল্যান্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সোমবার (১১ মে) কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা |সংগৃহীত

থাইল্যান্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সোমবার (১১ মে) ব্যাংককের একটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এক বছরের সাজার বাকি চার মাস প্যারোলে কাটানোর অনুমতি পাওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম থাই পিবিএস ওয়ার্ল্ডে প্রচারিত ফুটেজে দেখা যায়, সমর্থকদের উল্লাসের মধ্যে থাকসিন ক্লোং প্রেম সেন্ট্রাল কারাগার থেকে বেরিয়ে আসছেন এবং তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাসহ পরিবারের সদস্যদের সাথে এক আবেগঘন পুনর্মিলন ঘটছে।

কড়া নিরাপত্তার মধ্যে থাকসিনকে স্বাগত জানাতে কারাগারের বাইরে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন, যাদের অনেকেই শাসক দল ফেউ থাই পার্টির প্রতীকী রং লালের পোশাক পরেছিলেন।

এর আগে, প্যারোলের শর্ত হিসেবে থাকসিনের হাতে একটি ইলেকট্রনিক মনিটরিং (ইএম) ব্রেসলেট পরানো হয়েছিল।

মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে প্যারোলের শর্তাবলী আনুষ্ঠানিকভাবে স্বীকার করার জন্য তাকে তার নিবন্ধিত বাসস্থানের এলাকার তত্ত্বাবধানকারী প্রবেশন অফিসে রিপোর্ট করতে হবে।

৭৬ বছর বয়সী থাকসিন দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে দু’বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ ও ২০০৫ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৬ সালের একটি সামরিক অভ্যুত্থান তার দ্বিতীয় মেয়াদ সংক্ষিপ্ত করে দেয় এবং ২০০৮ সালে তিনি স্বেচ্ছানির্বাসনে চলে যান।

২০২৩ সালের আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার পর তার দায়িত্বকালীন সময়ের তিনটি অভিযোগে আট বছরের কারাদণ্ড ভোগ করার জন্য তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আবেদনের পর তার সাজা কমিয়ে এক বছর করা হয়।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি