মিয়ানমারের সাবেক সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার (১০ এপ্রিল) দেশটির একাদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, তিনি রাজধানী নেপিদাওতে ইউনিয়ন পার্লামেন্টের এক অধিবেশনে শপথ নেন।
শপথগ্রহণ অনুষ্ঠানের পর তিনি সংসদে ভাষণ দেন।
চলতি মাসের শুরুতে সংসদে অর্ধেকের বেশি ভোট পেয়ে মিন নির্বাচিত হয়েছেন।
৬৯ বছর বয়সী মিন ২০১১ সাল থেকে তাতমাদাও নামে পরিচিত সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মার্চ মাসে পদত্যাগ করেন।
২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেয়ার পর থেকে তিনি কার্যত মিয়ানমার শাসন করে আসছিলেন।
পাঁচ বছর ক্ষমতায় থাকার পর, মিন ডিসেম্বরের শেষে শুরু হওয়া একটি তিন পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন, যার ফলে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিসহ সামরিকপন্থী দলগুলো বিজয়ী হয়। নতুন সংসদ ১৬ মার্চ তার প্রথম অধিবেশনে বসে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



