যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, বিশ্বের এই ‘অস্থির’ পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাপান নিজেদের একটি ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত করার চেষ্টা করছে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ‘রেজোলিউট ড্রাগন’ নামের এই মহড়ায় অংশ নিয়ে জাপান মূলত অন্য দেশে ‘আগ্রাসন চালানোর সক্ষমতা’ যাচাই করে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক আরো গভীর করে টোকিও এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকিতে ফেলছে বলেও অভিযোগ করেছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়া দাবি করেছে, গত এপ্রিল ও মে মাসে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক মহড়া হয়েছিল। সেখানে প্রথমবার অংশ নিয়ে জাপান প্রতিবেশী দেশগুলোতে ‘আগাম আঘাত হানার’ উদ্দেশ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
এই ধরনের ‘বেপরোয়া’ সামরিক আচরণ বন্ধ না করলে টোকিওকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া ও কিউশু দ্বীপে গত ২০ জুন থেকে জাপানি স্থল আত্মরক্ষা বাহিনী এবং মার্কিন মেরিন কোরের এই যৌথ মহড়া শুরু হয়। মঙ্গলবার এটি শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



