কিমের সাথে সুসম্পর্ক : দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার উদ্যোগে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়ুংকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু জবাবে সিউল থেকে বলা হয়েছে, 'না, ধন্যবাদ।'

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা |সংগৃহীত

উত্তর কোরিয়ার সাথে তার সুসম্পর্কের কথা উল্লেখ করে দেশটির বিরুদ্ধে উত্তেজনাকর সংকেত না পাঠাতে এবং অতিরিক্ত ব্যয় এড়াতে দক্ষিণ কোরিয়ার সাথে পরিকল্পিত যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (১৭ আগস্ট) জানায়, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই নির্দেশনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে তার যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, তার ওপর ভিত্তি করে তিনি দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যৌথ সামরিক মহড়ার চুক্তিতে সন্তুষ্ট হতে পারছেন না। তার মতে, এ ধরনের সামরিক আয়োজন পিয়ংইয়ংয়ের কাছে একটি অনুপযুক্ত ও শত্রুভাবাপন্ন বার্তা পৌঁছায়।

সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, 'এই মহড়াগুলো কেবল অত্যন্ত ব্যয়বহুলই নয়—যার সিংহভাগ খরচ (যথারীতি!) প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র—বরং এটি এমন একটি দেশের কাছে পুরোপুরি অনুপযুক্ত ও শত্রুভাবাপন্ন সংকেত পাঠায়, যে দেশটি ডোনাল্ড জে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা পর্যন্ত কোনো হুমকি সৃষ্টি করেনি এবং সর্বদা সম্মান দেখিয়ে এসেছে।'

তিনি আরো উল্লেখ করেন, এই মুহূর্তে পুরো সামরিক মহড়া পুরোপুরি বাতিল করা সম্ভব নয়। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এই মহড়ার পরিধি 'উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার' নির্দেশ দিয়েছেন।

একই সাথে ট্রাম্প তার এই সিদ্ধান্তের সাথে সিউলের সাম্প্রতিক একটি মনোভাবের যোগসূত্র তুলে ধরেন। তিনি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার উদ্যোগে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়ুংকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু জবাবে সিউল থেকে বলা হয়েছে, 'না, ধন্যবাদ।'