মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং সার্বিক সহায়তা সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

আশরাফুল মামুন, মালয়েশিয়া

মালয়েশিয়ার গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোডুয়া আলজা এমপিভি ও শিক্ষার্থীদের বহনকারী বাসের সাথে ভয়াবহ সংঘর্ষে ১৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

বাসটি তেরেঙ্গানু রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিমের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে সার্বিক সহায়তা সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ জুন) ভোররাতে গেরিকের বানুনে পূর্ব-পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি পেরোদুয়া আলজা গাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশী আহত বা নিহত হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

দেশটির রাষ্ট্রী বার্তাসংস্থা বার্নামা জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে রাত ১টা ১০ মিনিটে সংঘর্ষের বিষয়ে গেরিক হাসপাতাল থেকে জরুরি কল আসে। এপিএম এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ৪৮ জন ছিলেন, যাদের মধ্যে ১৩ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেইবুক পোস্টে বলেন, ‘আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি, এই ধরনের হৃদয়বিদারক ট্র্যাজেডি, যা প্রায়শই ঘটে, তা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করা উচিত যে সর্বদা সতর্ক থাকুন এবং গন্তব্যের পেছনে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান এবং অপরিবর্তনীয়।’

উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদ কাদির একটি পৃথক ফেসবুক পোস্টে বলেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।