জাপান আপাতত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতে এবং ইসরাইলের কঠোর অবস্থান এড়াতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের আসাহি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি সরকার জানিয়েছে, তারা এই মাসে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। যা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক চাপ আরো বাড়িয়েছে।
জাপানি বার্তাসংস্থা কিয়োদো গত সপ্তাহে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দিতে জাপানকে চাপ দিয়েছে। অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি নিয়ে উপযুক্ত সময় এবং পদ্ধতিসহ একটি বিস্তৃত মূল্যায়ন করা হচ্ছে।’
বুধবার এক সংবাদ সম্মেলনে আসাহির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সরকারের শীর্ষ মুখপাত্র ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি একই কথার পুনরাবৃত্তি করেন। কিন্তু তিনি গাজা সিটিতে ইসরাইলি স্থল আক্রমণের ওপর ‘গুরুতর সঙ্কটের অনুভূতি’ প্রকাশ করে বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তি ভেঙে পড়তে পারে’।
একইসাথে তিনি দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান।
সূত্র : রয়টার্স



