চলতি বছর চালু করা নতুন সতর্কতা ব্যবস্থার আওতায় দক্ষিণ কোরিয়া রোববার প্রথমবারের মতো তাপপ্রবাহের জরুরি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ দেশের মানুষকে বাইরে চলাফেরা ও কাজকর্ম বন্ধ রেখে শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছে।
নতুন ব্যবস্থায় যেসব এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হলে, অথবা এক দিনের জন্য তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস থাকলে জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়।
কর্মকর্তারা জানায়, দক্ষিণ কোরিয়ায় তাপপ্রবাহ বেড়ে যাওয়া এবং এগুলো দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে ওঠার কারণে নতুন এই সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া আবহাওয়া প্রশাসনের প্রধান লি মি-সন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ স্থানীয় সময় সকাল ১০টায় (জিএমটি ০১০০) দক্ষিণ গিয়ংসাং প্রদেশের দু’টি শহর—গিয়ংসান ও পোহাংয়ের জন্য কোরিয়া আবহাওয়া প্রশাসন জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে।’
তিনি আরো বলেন, ‘এই ব্যবস্থা কার্যকর হওয়ার পর এটাই প্রথমবারের মতো এমন সতর্কতা জারি করা হলো।’
লি জানান, সপ্তাহান্তে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তাপমাত্রা জরুরি সতর্কতার নির্ধারিত মাত্রায় পৌঁছেছিল।
তিনি বলেন, ‘জরুরি তাপপ্রবাহ সতর্কতার অর্থ শুধু আবহাওয়া অত্যন্ত গরম—এমন নয়। এর অর্থ হলো, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সুস্থ মানুষও তাপজনিত অসুস্থতা ও মৃত্যুসহ গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়তে পারেন।’
তিনি আরো বলেন, জরুরি সতর্কতা জারির পর বাইরে কাজ করা বা অবস্থান করা ব্যক্তিদের অবিলম্বে তা বন্ধ করে ঠান্ডা স্থানে চলে যেতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘শিশু বা পোষা প্রাণীসহ কেউ যেন গাড়ির ভেতরে আটকে না থাকে, তা নিশ্চিত করুন।’
সূত্র: বাসস


