ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া একটি চুক্তির প্রতিবাদে শুক্রবার (২৬ জুন) গভীর রাতে হিজবুল্লাহ সমর্থকরা বৈরুতের রাস্তায় বিক্ষোভ করেছেন।
এদিকে ইরান-সমর্থিত দলটির একজন আইনপ্রণেতা সতর্ক করে বলেছেন, এই চুক্তি কার্যকর করা হলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হিজবুল্লাহ সমর্থকরা মোটরসাইকেলে করে বৈরুতের বিভিন্ন এলাকায়, এমনকি শহরের কেন্দ্র এবং বিমানবন্দর যাওয়ার সড়কেও বিক্ষোভ মিছিল করেছেন। তারা নতুন ইসরাইল-লেবানন কাঠামো চুক্তির বিরুদ্ধেও স্লোগান দেন।
এএফপির এক প্রতিবেদক জানান, শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে করে চলাচলকারী লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে। একইসাথে রাজধানীর বিভিন্ন সড়কে লেবাননের সেনাবাহিনী অস্থায়ী চেকপয়েন্ট বসিয়েছে।
হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে এই চুক্তি কার্যকর করার চেষ্টা করা হলে তা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।
তার দাবি, হিজবুল্লাহকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। তার দল দীর্ঘদিন ধরে ইসরাইল-লেবানন সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে আসছে।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত সমর্থক বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে শহরের কেন্দ্রের দিকে মোটরসাইকেল মিছিল করছেন। কিছু বিক্ষোভকারী সরকারি ভবনের কাছে জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করেন।
অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়, পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে বিমানবন্দর সংযোগ সড়ক পুনরায় খুলে দেয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বিক্ষোভকারীরা কমপক্ষে একটি গুরুত্বপূর্ণ সড়ক জ্বলন্ত টায়ার দিয়ে অবরোধ করে রেখেছেন।
সূত্র: বাসস



