চীনে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ৯

টাইফুন সাউডেলের টানা বৃষ্টিতে চীনে ভয়াবহ ভূমিধসে ৬ জনের মৃত্যু ও ৯ জন নিখোঁজ; ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান জারি।

নয়া দিগন্ত অনলাইন
পূর্ব চীনে ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে
পূর্ব চীনে ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে |সংগৃহীত

টাইফুন সাউডেলের কারণে কয়েক দিন ধরে ভারী বৃষ্টির পর পূর্ব চীনে ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে ও আরো নয়জন নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, জিয়াংসি প্রদেশের মিংকেং গ্রামে শনিবার ভূমিধসে পাঁচজন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছে।

এছাড়া কাছের জুওআন ও তাংহু এলাকায় ভূমিধসে আরো একজনের মৃত্যু ও দুজন নিখোঁজ হয়েছে।

চীনের পূর্ব উপকূলে গত মাসের শেষ দিকে আঘাত হানা টাইফুন সাউডেলের কারণে কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের পর এসব ভূমিধসের ঘটনা ঘটে।

ভারী বৃষ্টির কারণে দেশটির কয়েকটি শহরে কাজকর্ম, স্কুল ও পরিবহনসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সিনহুয়া জানায়, মিংকেং গ্রামের ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

গত মাসে হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহজনিত বন্যার পর চীনে এই ভূমিধসের ঘটনা ঘটল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে ওই বন্যায় ৪৩ জন প্রাণ হারিয়েছে। সীমান্তের ওপারে নেপালে নিহতের সংখ্যা প্রায় ১,৩০০ জন।

নেপালে এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তিব্বতের সীমান্তবর্তী এলাকায় নিখোঁজের সংখ্যা আরো ৫১৯ জন।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে হিমবাহ গলার গতি বেড়েছে এবং চরম আবহাওয়ার ঘটনাও ঘন ঘন ঘটছে। ফলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে।

সূত্র : বাসস

Topics