দক্ষিণ লেবাননে শনিবার (৩০ মে) সকালে ইসরাইলি হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
সংস্থাটি জানায়, আনসার শহরের আল-মার্জে একটি ড্রোন হামলায় এক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। এ হামলায় তাদের পরিবারের আরো সাতজন সদস্য আহত হয়েছেন।
শরিফা-হাব্বুশ-নাবাতিয়েহ সড়কে একটি পিকআপ ট্রাকও ইসরাইলি ড্রোন হামলার শিকার হয়। এতে একজন নিহত এবং অন্য একজন গুরুতর আহত হন।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী নাবাতিয়েহের নাবিহ বেরি সরকারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের দিকে যাওয়ার রাস্তাতেও ড্রোন হামলা চালায়। এতে আরো তিনজন আহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার জেলায় শুক্রবার তেল আবিবের হামলায় একজন প্যারামেডিকসহ ১১ জন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১৭ মে থেকে তা ৪৫ দিনের জন্য বর্ধিত করা হয়। তা সত্ত্বেও লেবাননের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
মন্ত্রণালয়ের মতে, গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় দেশজুড়ে তিন হাজার ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



