চীনে ট্রেনের ধাক্কায় রেলকর্মীসহ নিহত ১১

ট্রেনটি স্টেশনের ভেতরের একটি বাঁক অতিক্রম করার সময় শ্রমিকদের কাজ করার লাইনে ঢুকে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউনান প্রদেশে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) একটি ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় রেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কুনমিং রেলওয়ে ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভূমিকম্পের সরঞ্জাম পরীক্ষার জন্য ব্যবহৃত’ ট্রেনটি ভোরে কুনমিংয়ের লুওয়াং টাউন স্টেশনে নির্মাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ১১ জন নিহত হন। আহত হন আরো দু’জন।

কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি স্টেশনের ভেতরের একটি বাঁক অতিক্রম করার সময় শ্রমিকদের কাজ করার লাইনে ঢুকে পড়ে। ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের মধ্যে পরিবহন স্বাভাবিক হয়ে আসে এবং আহতদের চিকিৎসা দেয়া হয় বলে তারা জানিয়েছে।

সূত্র : এএফপি

Topics