চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তির মুখে পড়া কানাডা-যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত নতুন নির্মিত গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু আগামী ২৭ জুলাই জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। শুক্রবার (১০ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কানাডার অবকাঠামো মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় কানাডা ও মিশিগান আগামী ২৭ জুলাই গর্ডি হাউ আন্তর্জাতিক সেতুটি উদ্বোধনের বিষয়ে একমত হয়েছে।’
মন্ত্রণালয় আরো বলেছে, সেতুটি ‘কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ হিসেবে কাজ করবে এবং আগামীতে দশকের পর দশক ধরে দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিলিয়ন ডলারের অবদান রাখবে’।
৪৭০ কোটি মার্কিন ডলার (৬৪০ কোটি কানাডীয় ডলার) ব্যয়ে নির্মিত এই ‘গর্ডি হাউ আন্তর্জাতিক সেতু’ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের সাথে কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরকে সংযুক্ত করবে। গত ২০১৮ সাল থেকে সেতুটির নির্মাণকাজ চলছিল।
শুক্রবার উদ্বোধনের তারিখ ঘোষণার আগে গত মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে কারিগরি জটিলতার কারণে সেতুটির উদ্বোধন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প সেতুটির উদ্বোধন ও কার্যক্রম পুরোপুরি আটকে দেয়ার হুমকি দেন। তার দাবি ছিল, সেতু নির্মাণে যুক্তরাষ্ট্রকে ন্যায্য সুবিধা দেয়া হয়নি এবং এর মালিকানার ‘কমপক্ষে অর্ধেক’ যুক্তরাষ্ট্রের হওয়া উচিত।
উইন্ডসর-ডেট্রয়েট ব্রিজ অথরিটির প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, সেতুটির নির্মাণ ব্যয় পুরোপুরি কানাডা বহন করেছে। তবে সেতুটির মালিকানা যৌথভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হাতে থাকবে।
প্রয়াত কানাডীয় বংশোদ্ভূত ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) কিংবদন্তি খেলোয়াড় এবং ডেট্রয়েট রেড উইংসের তারকা গর্ডি হাউয়ের নামে সেতুটির নামকরণ করা হয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।
সূত্র: বাসস



