কেন আমি আপনাকে জবাব দেবো : ট্রাম্প

ইরানের ওপর কি আবারো মার্কিন হামলা হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কেন আমি আপনাকে তা বলতে যাব?’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইরানের ওপর কি আবারো মার্কিন হামলা হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কেন আমি আপনাকে তা বলতে যাব?’

শনিবার (২ মে) সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার হোয়াইট হাউজে কথা বলার সময় এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ইরানের ওপর নতুন কোনো হামলার কথা ভাবছেন? জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কেন আমি আপনাকে তা বলতে যাব?’ এই এক কথাতেই আলোচনার ইতি টেনে দেন তিনি।

এর আগে, ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য একটি নতুন প্রস্তাব পাঠানো হলেও তা নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ইরান বর্তমানে যা চাইছে, তা মেনে নেয়া তার পক্ষে সম্ভব না।

তবে তেহরান ঠিক কী দাবি করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ মেটাতে ইরান আলোচনার প্রস্তাব দিলেও ট্রাম্পের দাবি, দেশটির নেতৃত্বের ভেতরে ব্যাপক মতভেদের কারণে আলোচনা এগোচ্ছে না। তিনি বলেন, ‘আলোচনা যখনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখনই নতুন এক দল মানুষ সামনে চলে আসে।’

ইরানের নেতৃত্বের অস্থিতিশীল অবস্থানের দিকেই ইঙ্গিত করেন তিনি। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কিছুটা আক্রমণাত্মক সুরে বলেন, ‘আমরা কি তাদের ওপর প্রচণ্ড হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেবো, নাকি কোনো চুক্তিতে আসার চেষ্টা করব? এটাই এখন বড় প্রশ্ন।’

তবে মানবিক দিক বিবেচনা করে তিনি যুদ্ধের চেয়ে চুক্তির পথেই হাঁটতে চান বলে জানান।

এদিকে, হরমুজ প্রণালীতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে ইরান। এর ফলে বিশ্ববাজারে তেল, গ্যাস ও সারের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের টান পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে কমপক্ষে তিন হাজার ৩৭৫ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি লেবাননেও ইসরাইলি বাহিনীর সাথে হিজবুল্লাহর লড়াইয়ে দুই হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই সঙ্ঘাত এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যার ফলে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতেও বেশ কিছু মানুষ মারা গেছেন। এমনকি লেবাননে ১৭ জন ইসরাইলি সেনা এবং এ অঞ্চলে ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।