ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন রাখতে আদালতের অনুমতি

ফেডারেল বিচারকরা অন্য দুটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর শিকাগো ও পোর্টল্যান্ডে এই সৈন্য মোতায়েন সাময়িকভাবে বন্ধ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে আগামী সপ্তাহে ন্যাশনাল গার্ড সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির নিম্ন আদালত। কিন্তু বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফেডারেল আপিল আদালত সেই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে। ফলে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন রাখতে আপাতত আর কোনো বাধা নেই।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিয়া কব গত মাসে রায় দিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ডের হাজার হাজার সৈন্যকে ওয়াশিংটনে মোতায়েন করা অবৈধ। তিনি ১১ ডিসেম্বরের মধ্যে এই মোতায়েন বন্ধ করার নির্দেশ দেন। তবে ট্রাম্প প্রশাসনকে আপিল করার সময় দিতে ২১ দিনের জন্য তার আদেশ স্থগিত করেন।

ডিসি সার্কিটের আপিল আদালতের তিন বিচারকের প্যানেল ট্রাম্প প্রশাসনের অনুরোধ মঞ্জুর করে ডিস্ট্রিক্ট বিচারকের আদেশ স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। যাতে তারা মামলাটি পারিচালনা করতে সময় পায়।

একটি সংক্ষিপ্ত আদেশে প্যানেলটি জোর দিয়ে বলেছে, এই পদক্ষেপকে ‘কোনোভাবেই মামলার মূল বিষয়ের ওপর সিদ্ধান্ত হিসেবে ধরা উচিত নয়‘।

ট্রাম্প অপরাধ মোকাবেলা ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার কঠোর পদক্ষেপ বাস্তবায়নে সহায়তার জন্য ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস ও মেমফিসে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠিয়েছেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও মেমফিস শহরের কর্তৃপক্ষ ফেডারেল সেনা মোতায়েনের প্রচেষ্টার বিরোধিতা করেছে। এই বিষয়ে তাদের মত হলো, স্থানীয় পরিস্থিতি মোকাবিলায় সৈন্য মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

তবে মার্কিন আইনের অধীনে সীমিত স্বায়ত্তশাসনের রাজধানী ওয়াশিংটনের মেয়র হোয়াইট হাউসের নেয়া কঠোর অবস্থানের সাথে বেশিভাগ ক্ষেত্রেই সমন্বয় রক্ষা করে চলছেন।

ফেডারেল বিচারকরা অন্য দুটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর শিকাগো ও পোর্টল্যান্ডে এই সৈন্য মোতায়েন সাময়িকভাবে বন্ধ করেছেন এবং সুপ্রিম কোর্ট শিগগিরই সিদ্ধান্ত দেবে যে এই পদক্ষেপগুলো আইনসম্মত কি না।

সূত্র : বাসস