মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। একে তিনি ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি’ বলে অভিহিত করেছেন।
আগামী ১ আগস্ট বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমার ঠিক একদিন আগে দক্ষিণ কোরিয়ার সাথে এই চুক্তিতে পৌঁছানোর খবর এসেছে। দেশটি কোনো চুক্তি না করলে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতো।
গাড়ি ও উৎপাদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগী জাপান এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে ১৫ শতাংশ শুল্ক হার নিশ্চিত করার পর সিউলের ওপর চাপ বাড়ছিল।
এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সিউল। বিষয়টিকে দক্ষিণ কোরিয়ায় একটি সাফল্য হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে কমপক্ষে ৫৬ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল দেশটির।
১৫ শতাংশ শুল্কে গাড়ি ও সেমিকন্ডাক্টর উভয়ই অন্তর্ভুক্ত থাকবে, যা যুক্তরাষ্ট্রে সিউলের প্রধান রফতানি পণ্য। তবে দক্ষিণ কোরিয়ার জন্য অন্যান্য বড় আয়ের উৎস ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপ করা হবে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত বৈশ্বিক হারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং এই চুক্তির প্রশংসা করে বলেন, এটি তার দেশকে অন্যান্য দেশের তুলনায় সমান বা উন্নত অবস্থানে রাখবে।
সূত্র : বিবিসি



