যুক্তরাষ্ট্রের টেক্সাসে দক্ষিণ-মধ্যাঞ্চলে শুক্রবার আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা প্রাণহানির এই খবর জানিয়েছেন। এছাড়া গ্রীষ্মকালীন একটি ক্যাম্পের প্রায় ২৩ মেয়েশিশু এখনো নিখোঁজ রয়েছে।
মৌসুমি বৃষ্টির কারণে টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটির অবস্থান নদীর ধারেই ছিল। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদফতর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি.) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।
কাউন্টি কাউন্টির কেরভিলের সিটি ম্যানেজার ডাল্টন রাইস সাংবাদিকদের বলেন, ভোর হওয়ার আগেই কোনো রকমের পূর্বসতর্কতা ছাড়াই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। ফলে আগেভাগে কোনো সতর্কতা দেয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপদসীমার ওপরে চলে যায়।
তিনি বলেন, পুরো ঘটনাটি দুই ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে তা বোঝা সম্ভব হয়নি।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, কর্তৃপক্ষ নিখোঁজ ২৩ জন মেয়েকে খুঁজছে। ভোররাত ৪টার দিকে বন্যার সময় গুয়াদালুপে নদীর ধারে বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে ৭০০ জনেরও বেশি শিশু ছিল। ক্যাম্পে থাকা অন্য শিশুরা নিরাপদে আছে।
তিনি আরো জানান, প্রবল বৃষ্টিপাতের মধ্যে ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট উপরে উঠে গেছে। অনুসন্ধান দলগুলো উদ্ধারকাজে ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন ব্যবহার করছে। পাশাপাশি শত শত উদ্ধারকর্মী গাছের উপর আটকে পড়া এবং নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করছেন।
সূত্র : রয়টার্স



