যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরে তিন মিটার বা ১০ ফুট উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণেই প্রশান্ত মহাসাগর উপকূলঘেঁষা একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে।
ফরাসি বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইকুয়েডরের নিকটবর্তী গালাপাগোস দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে কিছু ‘প্রতিরোধমূলক’ কার্যক্রমও চলছে।
এদিকে ওয়াহু দ্বীপের বিস্তৃত অংশ, যার মধ্যে হাওয়াইয়ের রাজধানী হনোলুলুও রয়েছে, তাৎক্ষণিকভাবে খালি করার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ের কর্মকর্তারা।
হনোলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে লিখেছে, ‘এখনই সরে যান! ধ্বংসাত্মক সুনামি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে।’
সতর্কতা জারির পর থেকে হাওয়াইয়ের ওয়াহুতে ওয়াইকিকি সমুদ্র সৈকত ছেড়ে আসছেন মানুষ। জানা গেছে, হাওয়াইতে সুনামি আঘাত হানতে এখনো কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।
সূত্র : বিবিসি



