ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের একটি পাহাড়ি অঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় চার ডজন যাত্রী।
স্থানীয় সময় রোবাবর (১৬ আগস্ট) ভোরে রিও ডি জেনিরোর উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর পেত্রোপলিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দমকল বিভাগের এক বিবৃতির বরাতে জানা যায়, খাড়া পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। বাসের ভেতর আটকে পড়া বেশ কয়েকজন যাত্রীকে বের করতে উদ্ধারকর্মীদের কাটাকাটি ও খননকাজ চালাতে হয়।
দমকলকর্মীরা জানান, দুর্ঘটনাস্থল থেকেই আটজনের লাশ উদ্ধার করা হয়। আহত ৪৯ যাত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন নারী এবং একজন কিশোরী।
ব্রাজিলে প্রায়শই এ ধরনের মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব ব্রাজিলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়, এতে অন্তত ১৬ জন নিহত হন।
গত বছরের অক্টোবরে উত্তর-পূর্ব ব্রাজিলের পেরনাম্বুকো রাজ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ১৭ জন নিহত হন।
সূত্র : এএফপি এবং অন্যান্য



