মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন প্রতিরক্ষা প্রকল্প প্রকাশ করেছেন, যার নাম ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল। মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, তিনি ১৭৫ বিলিয়ন ডলারের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের জন্য একটি নকশা নির্বাচন করেছেন এবং চীন ও রাশিয়ার হুমকি প্রতিরোধের লক্ষ্যে প্রতিরক্ষা কর্মসূচির নেতৃত্ব দেয়ার জন্য স্পেস ফোর্সের একজন জেনারেলকে নিয়োগ দিয়েছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে থেকে জানা গেছে, গত জানুয়ারিতেই ট্রাম্প এ প্রকল্পের নির্দেশ দিয়েছিলেন। এর লক্ষ্য একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা, যা আসন্ন ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং সম্ভব হলে বাধা দিতে পারবে।
ট্রাম্প হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন ১৭৫ বিলিয়ন ডলারের প্রকল্পটির প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ‘গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দেবে।’ কানাডা এরই মধ্যে এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ট্রাম্প।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ও তার মন্ত্রিসভা যুক্তরাষ্ট্রের সাথে একটি নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন।
ট্রাম্প বলেছেন, গোল্ডেন ডোম ২০২৯ সালের জানুয়ারিতে তার মেয়াদের শেষের দিকে কার্যকর হবে। তবে শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটির সময়সীমা ও খরচ আরো বাড়তে পারে।



