নিউইয়র্কের ৯৭ শতাংশ মুসলিম নাগরিকের ভোট পেয়েছেন মামদানি

অন্যান্য অমুসলিম ও মধ্যপন্থী ডেমোক্রেটিক প্রার্থীরাও মুসলিম ভোটারদের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জোহরান মামদানি
জোহরান মামদানি |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে গত সপ্তাহের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা ডেমোক্রেটিক প্রার্থীদের ব্যাপকভাবে সমর্থন করেছেন। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ৯৭ শতাংশ মুসলিম ভোটার সমর্থন করেছেন।

সোমবার (১০ নভেম্বর) কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-এর প্রকাশিত এক জরিপে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, ভার্জিনিয়ার ডেমোক্রেটিক মুসলিম সিনেটর গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর পদে মুসলিম ভোটের ৯৫ শতাংশ পেয়েছেন।

সিএআইআরের গবেষণায় দেখা গেছে, অন্যান্য অমুসলিম ও মধ্যপন্থী ডেমোক্রেটিক প্রার্থীরাও মুসলিম ভোটারদের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন। গভর্নর নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক পার্টির দুই নারী কংগ্রেস সদস্য ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউ জার্সির মিকি শেরিল উভয়ই মুসলিম ভোটারদের কাছ থেকে প্রায় ৮৫ শতাংশ সমর্থন পেয়েছেন।

জরিপে আরো দেখা গেছে, ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করা ‘প্রস্তাব ৫০’ মুসলিম ভোটারদের কাছ থেকে ৯০ শতাংশ সমর্থন পেয়েছে। সিএআইআর জানিয়েছে, তারা জরিপের জন্য এক হাজার ৬২৬ জন মুসলিম ভোটারের সাক্ষাৎকার নিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই এক্সিট পোলের ফলাফলগুলো একটি উৎসাহব্যঞ্জক সত্য তুলে ধরেছে- যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকরা উপস্থিতি সরব হচ্ছে, তারা কথা বলছেন এবং আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ গঠন করছেন।’

এতে আরো বলা হয়েছে, ‘চারটি রাজ্যজুড়ে মুসলিম ভোটাররা নাগরিক প্রক্রিয়ার প্রতি অসাধারণ সম্পৃক্ততা ও প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন এবং ভোট দিয়েছেন। যা মার্কিন সমাজে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাদের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।’

জরিপের ফলাফলে দেখা গেছে, গাজায় নৃশংস হামলার মধ্যে ইসরাইলের প্রতি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আপোষহীন সমর্থনের কারণে গত বছরের নির্বাচনে কিছু মুসলিম ভোটার ডেমোক্রেটদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তাদের সমর্থন এবার পুনরুদ্ধার করেছে ডেমোক্রেট।

সূত্র : আল জাজিরা