প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ২.৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী

ফরাসি পলিনেশিয়ার হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ২.৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী
প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ২.৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী |সংগৃহীত

ফরাসি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সাথে এক যৌথ অভিযানে প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ থেকে ২ দশমিক ৪ টন কোকেন জব্দ করেছে।

গতকাল শনিবার তারা এ কথা জানিয়েছে। কর্মকর্তারা পলিনেশীয় সমুদ্রসীমায় মাদকবিরোধী তল্লাশি ও আটক অভিযান জোরদার করছে।

গত বৃহস্পতিবার ১০০ বেল বা প্যাকেট মাদক জব্দ করার পর, সন্দেহভাজন জাহাজটিকে তার গন্তব্যে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

তবে কর্মকর্তারা মাদক জব্দের সুনির্দিষ্ট স্থান, ওই জাহাজের নাম বা জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

ফরাসি পলিনেশিয়ার হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে।

বিবৃতিতে জাহাজের পতাকা বা কোন দেশের সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

গত এক মাসে পলিনেশিয়া অঞ্চলের আশপাশে ফরাসি কর্তৃপক্ষ মাদকবিরোধী অভিযানে প্রায় ১২ টন কোকেন জব্দ করেছে।

জব্দকৃত চালানের মধ্যে অন্তত তিনটি বড় চালান ছিল, যার প্রতিটির ওজন ২ থেকে ৫ টন।

জাতিসঙ্ঘ সাম্প্রতিক বছরগুলোতে বলেছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি কোকেন ও মেথঅ্যামফেটামিন পাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীগুলো ভৌগোলিক অবস্থান ও দুর্বল নজরদারির সুযোগ নিয়ে এই অঞ্চল ব্যবহার করে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করেছে।

জাতিসঙ্ঘ বলেছে, ‘উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে বিপুল পরিমাণে মাদক পরিবহন করা হয়।

২০২৫ সালে ফরাসি নৌবাহিনী বিশ্বব্যাপী রেকর্ড ৮৭ দশমিক ৬ টন মাদক জব্দ করে। জব্দকৃত এই মাদকের মধ্যে ৫৮ টন কোকেনও রয়েছে।

সূত্র : বাসস