ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার জন্য একটি কৌশল মাত্র, বাস্তব নিরাপত্তা বা কৌশলগত প্রয়োজনের কারণে নয় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরাইল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার বিষয়টিকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরার পর তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত চীন থেকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে বলেন, ‘আসলে, এটা পেলে আমার ভালোই লাগবে। তবে আমার মনে হয়, অন্য যেকোনো কিছুর চেয়ে এটি রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার এবং এটি অনেকটা রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ।’
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপাদান দেশটির ভেতর থেকে সরিয়ে নেয়া না হলে সঙ্ঘাত শেষ হবে না।
নেতানিয়াহু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটি থেকে বের করে আনতে হবে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বাসস



