ভেনিজুয়েলার একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে সংঘর্ষে কমপক্ষে পাঁচ বন্দী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দেশটির পেনিটেনশিয়ারি সার্ভিসেস (কারাগার সেবা) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের ইয়ারে-৩ কারাগারে সোমবার এ ঘটনা ঘটে। বন্দীদের মধ্যে সংঘর্ষে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
বিবৃতিতে নিহত পাঁচ বন্দীর পরিচয় জানানো হয়েছে। একইসাথে পাবলিক প্রসিকিউটরের দফতর ঘটনার তদন্ত শুরু করেছে। তবে আহতের সংখ্যা বা বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
ভেনিজুয়েলার কারাগার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভিড়, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন কারাগারে অপরাধী চক্রের নিয়ন্ত্রণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো ২০২৩ সালে দেশের প্রধান কারাগারগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক অভিযান চালান। এরপর বহু বন্দীকে ইয়ারে-৩ কারাগারে স্থানান্তর করা হয়।
ইয়ারে কারাগার কমপ্লেক্সে তিনটি পৃথক স্থাপনা রয়েছে। এরমধ্যে ইয়ারে-২ মূলত রাজনৈতিক বন্দীদের জন্য পরিচিত।
গত জানুয়ারিতে মাদুরোকে অপসারণের পর যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন প্রশাসন দায়িত্ব নেয়। এর পর গত সপ্তাহে তেল শিল্প-সংশ্লিষ্ট কমপক্ষে ৪৬ জন রাজনৈতিক বন্দীকে এই কারাগার থেকেই মুক্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপির একটি দল।
সূত্র: বাসস



