যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে কোনো ধরনের সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি বলেন, এপস্টিনের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না এবং তিনি তার লালসার শিকারও হননি।
তিনি বলেন, ‘আমি এপস্টিনের নিপীড়নের শিকার নই।’
অনলাইনে অনেকেই দাবি করেছিলেন, মেলানিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এপস্টিন। তবে মেলানিয়া বলেন, ১৯৯৮ সালে নিউইয়র্কে এক অনুষ্ঠানে তার সাথে ট্রাম্পের প্রথম দেখা হয়। এর দুই বছর পর ২০০০ সালে ট্রাম্পের সাথে অন্য একটি অনুষ্ঠানে গিয়ে প্রথমবারের মতো এপস্টিনকে দেখতে পান তিনি।
তিনি বলেন, ‘তখন আমি এপস্টিনকে চিনতাম না এবং তার অপরাধ সম্পর্কেও কিছু জানতাম না।’
মেলানিয়া বলেন, ‘জেফরি এপস্টিনের সাথে আমাকে জড়িয়ে যেসব মিথ্যা ছড়ানো হচ্ছে, আজই তার অবসান হওয়া প্রয়োজন।’ নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘অপবাদ’ বলে বর্ণনা করেন তিনি।
তিনি বলেন, এপস্টিন বা তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সাথে তার কোনো গভীর সম্পর্ক ছিল না। ম্যাক্সওয়েলের সাথে মাঝেমধ্যে সাধারণ চিঠিপত্র আদান-প্রদান হতো।
মেলানিয়া বলেন, ‘আমি বা ডোনাল্ড কখনোই এপস্টিনের বন্ধু ছিলাম না। নিউইয়র্ক বা পাম বিচের বড় পার্টিগুলোয় আমরা মাঝেমধ্যে একই অনুষ্ঠানে থাকতাম, যা খুবই স্বাভাবিক।’
জেফরি এপস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করে যৌনকাজে বাধ্য করার অপরাধে কারাভোগ করেন। ২০১৯ সালে আবারো একই অভিযোগে জেলে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেন।
সূত্র: রয়টার্স



