চাকরির সংখ্যা নিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগে শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

ট্রাম্প শ্রম পরিসংখ্যান কমিশনারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে ও রিপাবলিকানদের খারাপ দেখানোর জন্য চাকরির সংখ্যায় জালিয়াতি করা হয়েছে।’ তবে তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান দফতরের কমিশনার এরিকা ম্যাকএনটারফারকে শুক্রবার (১ আগস্ট) বরখাস্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাকএনটারফারের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মার্কিন শ্রমবাজারের চাকরির সংখ্যা সংক্রান্ত তথ্য বিকৃত করেছেন।

শ্রম বিভাগের তথ্য অনুসারে, জুলাই মাসে মার্কিন চাকরির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম ছিল এবং সাম্প্রতিক মাসগুলোতে নিয়োগের পরিসংখ্যানের সংশোধন কোভিড-১৯ মহামারীর পর থেকে এটিকে সবচেয়ে দুর্বল স্তরে নিয়ে এসেছে।

ট্রাম্প শ্রম পরিসংখ্যান কমিশনারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে ও রিপাবলিকানদের খারাপ দেখানোর জন্য চাকরির সংখ্যায় জালিয়াতি করা হয়েছে।’ তবে তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি।

এছাড়াও পৃথক একটি পোস্টে তিনি অভিযোগ করেছেন, কমিশনার এরিকা ম্যাকএন্টারফার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়ানোর জন্য চাকরির তথ্য ‘জাল’ করেছেন।

মার্কিন শ্রম পরিসংখ্যান দফতরের তথ্যে দেখা গেছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার চাকরি তৈরি হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে।

পাশাপাশি মে ও জুন মাসের চাকরির তথ্যে বড় সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে মে মাসের চাকরির সংখ্যা এক লাখ ৪৪ হাজার থেকে কমিয়ে ১৯ হাজারে এবং জুন মাসের চাকরির সংখ্যা এক লাখ ৪৭ হাজার থেকে কমিয়ে ১৪ হাজারে নামানো হয়েছে।

মার্কিন শ্রম পরিসংখ্যান দফতরের সাবেক প্রধান উইলিয়াম বিচ বলেন, ‘এটি একটি বিপজ্জনক উদাহরণ, যা দফতরের নিরপেক্ষতা ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।’

ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিক্স তার বরখাস্তের নিন্দা জানিয়ে বলে, চাকরির সংখ্যায় বড় ধরনের সংশোধন মানেই জালিয়াতি নয়, বরং এটি পরিসংখ্যান দপ্তরগুলোয় ক্রমাগত বাজেট সংকটের ইঙ্গিত।

সূত্র : এএফপি