অব্যাহত শাটডাউনের মাঝেই যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ। শনিবার দেশটির অন্তত আড়াই হাজার স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
আল জাজিরার প্রতিনিধি মারইয়াম শাওতা ওয়াশিংটন থেকে জানান, আজ শনিবার ‘নো-কিংস’ ব্যানারে দেশব্যাপী ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের অনুমান অনুসারে, এই বিক্ষোভ কর্মসূচির অধীনে অন্তত ১৭০০ শহরে দুই হাজারের মতো কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয় কর্তৃপক্ষরা এর সংখ্যা আড়াই হাজারের মতো হবে বলেও আশা করছে।
সূত্রটি আরো জানিয়েছে, অভিবাসী ও নাগরিক স্বাধীনতা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। আর অব্যাহত রাষ্ট্রীয় শাটডাউনের মধ্যে এই আন্দোলন রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে।
গত জুন মাসে ‘নো কিংস আন্দোলন’ ব্যাপকভাবে শুরু হয়। আয়োজকদের অনুমান অনুসারে, তখন অন্তত ২১০০ শহরে ৫ মিলিয়ন মার্কিনি এই আন্দেলনে অংশ নিয়েছিল। তবে কোনো কোনো শহরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ও মুখোশধারী নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণের কারণে আন্দোলন আরো বেশি গতি পেয়েছে। ট্রাম্প প্রশাসন কখনো এর সাথে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। আবার কখনো শৃঙ্খলা রক্ষার কৌশল বলে পাশ কাটিয়ে গেছে।
নো কিংস আন্দোলনের নেতৃবৃন্দ ট্রাম্প প্রশাসনের প্রতি কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শহরগুলোতে কেন্দ্রীয় ও সামরিক বাহিনীর উপস্থিতি বন্ধ করতে হবে; সাম্প্রতিক আদালতের রায় এই দাবির বৈধতা দেয়। নতুন আইন অনুসারে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা এবং রাজনৈতিক বিক্ষোভকে বিদ্রোহ আখ্যা দিয়ে সামরিক হস্তক্ষেপের সুযোগকে সীমিত করে দেয়া হয়েছে।
তারা আরো দাবি জানিয়েছে যে শহরে শহরে মুখোশধারী বাহিনীর মোতায়েন বন্ধ করতে হবে। জনগণকে এসব বাহিনীর পরিচয় জানার সুযোগ দিতে হবে।
সূত্র : আল জাজিরা



