যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে দেয়া ওই ভাষণে তিনি তার শাসনামলের নানান যুগান্তকারী অর্জন তুলে ধরেন এবং মন্তব্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক নতুন স্বর্ণযুগে প্রবেশ করেছে।
ট্রাম্প বলেন, ‘এটি কেবল আমেরিকার স্বর্ণযুগের ভোর, যার নিয়তি লিখে দিয়েছেন ঈশ্বর।’
পূর্ব নির্ধারিত এই ভাষণ শোনার জন্য অসংখ্য মার্কিন নাগরিক সভাস্থলে একত্রিত হন। বৈরী আবহাওয়ার মধ্যেই তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানির মধ্যেই ট্রাস্প ন্যাশনাল মলে এসে পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে হাত তালি দিয়ে স্বাগত জানান। প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প তার শাসনামলের অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।
এর মধ্যে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ভোট দেয়ার জন্য নাগরিকত্ব ও পরিচয়পত্রের প্রমাণ বাধ্যতামূলক করে আইনটি পাস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
সেইসঙ্গে আরো জানান, অসুস্থতা, সামরিক মোতায়েন বা অন্যান্য ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো নিষিদ্ধ করবে তার সরকার।
ভাষণে বারবার ‘সাম্যবাদের প্রেতাত্মা’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায় ট্রাম্পকে। সাম্যবাদকে ক্যান্সারের সাথে তুলনা করেছেন সেটা ‘অবশ্যই ছেঁটে ফেলতে হবে’ বলে মন্তব্য করেন তিনি।
আর্টেমিস ২-এর ক্রুদেরকে মঞ্চে হাজির করেন ট্রাম্প। এরপর তাদের হাতে বিশেষ পতাকা তুলে দেয়া হয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন ট্রাম্প, তারপর ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন’- বলে ভাষণ শেষ করেন।
অনুষ্ঠানে আতশবাজি ফুটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।
সূত্র : বিবিসি



