যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি ‘নস্যাৎ হয়ে গেছে’ বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে তেহরানের সাথে আর কোনো আলোচনায় বসার আগ্রহ তার নেই বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন (৮ জুলাই) জানিয়েছে, ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে আঙ্কারায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে আবারো এক বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সঙ্কটের আশঙ্কা তৈরি হলো। যুদ্ধবিরতি চুক্তিটির বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কিছুটা সময় থমকে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, 'আমার কাছে মনে হয় এটি শেষ। আমি তাদের সাথে আর কোনো লেনদেন করতে চাই না; তারা চরম নোংরা... একদল অসুস্থ মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে।'
আলোচনার সব পথ প্রায় বন্ধ ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, 'আমি আমাদের পক্ষের আলোচকদের সাথে কথা বলব। তারা এখনো আলোচনা চালিয়ে যেতে চায়... কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। তবে আমার বিবেচনায়, এখন আর তাদের পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না।'


