অপরাধমূলক সহিংসতায় জর্জরিত মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারী দল ১৭টি লাশ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দফতর এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৮ মে) ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস।
সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতি অনুসারে জানা গেছে, গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতোতে গত সপ্তাহে লাশগুলো শনাক্ত করতে ভূমি-ভেদকারী রাডার ও লাশ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ছুরি, চাপাতি, কুঠার ও বেলচা উদ্ধার করা হয়।
প্রসিকিউটরের দফতর জানিয়েছে, নিহতদের একজন নারীসহ পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন।
গুয়ানাজুয়াতো রাজ্যের এক কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের বলেন, ‘তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হচ্ছে।’
গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র ও জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। এখানে উগ্র গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।
মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এদের বেশিভাগই মাদক চোরাচালানের সাথে জড়িত।
গুয়ানাজুয়াতোতে সংঘটিত বেশিভাগ সহিংসতা সান্তা রোজা ডি লিমা গ্যাং ও ল্যাটিন আমেরিকার দেশটির অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের সাথে সম্পর্কিত।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।



