ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

গত মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত বন্ধে ট্রাম্প মধ্যস্থতা করেছেন বলে বারবার দাবি করে আসছিলেন। গত ১৭ জুন মোদির সাথে ফোনালাপে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন। নিউইয়র্ক টাইমসের দাবি, এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফরের পরিকল্পনা থাকলেও তা আপাতত বাতিল করেছেন তিনি। শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে গত কয়েক মাস ধরে মার্কিন নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্কের অবনতি কিভাবে হয়েছে তা বিশদভাবে বর্ণনা করেছে।

ওই প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস ট্রাম্পের সফরসূচির বিষয়ে জানাশোনা আছে এমন কর্মকর্তাদের বরাতে বলা হয়, ‘ট্রাম্প ফোনালাপে মোদিকে বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসবেন। কিন্তু শরতে ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই।’

তবে নিউইয়র্ক টাইমসের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর হোয়াইট হাউসে কোয়াডভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকেই এই বছরের শেষের দিকে ভারতে কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল।

দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য উত্তেজনার মধ্যে নিউইয়র্ক টাইমস এই বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত বন্ধে ট্রাম্প মধ্যস্থতা করেছেন বলে বারবার দাবি করে আসছিলেন। পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে। এরপর গত ১৭ জুন মোদির সাথে ফোনালাপে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন। নিউইয়র্ক টাইমসের দাবি, এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে।

এই ফোনালাপের আগে ওই মাসেই কানাডায় অনুষ্ঠিত জি-৭–এর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক করার কথা ছিল। কিন্তু ট্রাম্প আগেভাগেই দেশে ফিরে আসায় সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত বৈঠকটি না হওয়ায় ১৭ জুন তারা ফোনালাপ করেছিলেন। কিন্তু ৩৫ মিনিটের এই ফোনালাপ দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে তা আরো তিক্ত করেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস